জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলার পলাতক আসামি, জামায়াতের সাবেক উপজেলা আমির আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বুধবার (৫ আগস্ট) দুপুরে র্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা জামায়াতের মিডিয়া সেলের সদস্য জাকিউল ইসলাম জানান, আবদুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির। বর্তমানে তিনি দলের কোনো সাংগঠনিক পদে নেই।
র্যাব জানায়, গত ৪ মে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, র্যাব গ্রেপ্তারের পর আবদুল ওয়াহেদকে থানায় হস্তান্তর করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।