জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ভিক্ষুক বানিয়েছে আওয়ামী লীগের হাসিনা। মানুষের কাছে হাত পাতার যে ব্যবস্থা, সেটি করে দিয়েছে।’
শুক্রবার জেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং অসহায় রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, মুক্তিযোদ্ধারা কোনো অনুদান বা চেক পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি। তারা দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলেন।
কোটা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা কোটার জন্য যুদ্ধ করেননি। বরং এ ইস্যুকে কেন্দ্র করে আজ তাদের অপমানের মুখোমুখি হতে হচ্ছে।
তিনি আরও দাবি করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের প্রতি অন্যায় করা হলেও সে সময় অনেক মুক্তিযোদ্ধা নীরব ছিলেন।
জুলাইয়ের কোটা আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে এবং শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়েই সরকার পতনের পথ তৈরি হয়েছে।
বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার এবং সাংবাদিক ও আলেমদের ওপর দমন-পীড়নের অভিযোগও তোলেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে ২৩ জন বীর মুক্তিযোদ্ধা, ১০ জন মেধাবী শিক্ষার্থী এবং ৪১ জন অসহায় রোগীর মধ্যে মোট ৪ লাখ ৮৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।