জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শিখতে বাসায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।
শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।
পোস্টে মেঘনা আলম লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান। অথচ যখন প্রশ্ন করলাম, অনলাইনে হয়রানি করা লোক কি এনসিপির? তখন মুখে তার কুলুপ এঁটে গেল।’
অনলাইনে হয়রানির শিকার হওয়ার অভিযোগ এবং এর সঙ্গে এনসিপির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না—এমন প্রশ্ন করলেও নাসীরুদ্দীন পাটওয়ারী কোনো সন্তোষজনক উত্তর দেননি বলে ইঙ্গিত করেছেন মেঘনা আলম।
মেঘনা আলমের এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। তবে তার দাবির বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।