দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন ছাড়িয়েছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। ১৭ জুন পর্যন্ত সরকারি গুদামগুলোতে চালের মজুদ রয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন, গমের মজুদ ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন এবং ধানের মজুদ ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন। ফ্লোটিং মজুদসহ মোট খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টনে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশব্যাপী বোরো সংগ্রহ অভিযান চলমান রয়েছে। ১৭ জুন পর্যন্ত ৭ লাখ ১৮ হাজার ৩৭৩ মেট্রিক টন বোরো খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ধান ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ মেট্রিক টন, সিদ্ধ চাল ৫ লাখ ৬৬ হাজার ৬৭ মেট্রিক টন, আতপ চাল ৩১ হাজার ৯৬৮ মেট্রিক টন এবং গম ৪৯৪ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে মোট ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এর মধ্যে চাল ৭৩ লাখ ১৬ হাজার ১৯৪ টন এবং গম ১২ লাখ ৬৬ হাজার ৮৫৭ টন।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশে বর্তমানে খাদ্য মজুদ নিরাপদ পর্যায়ে রয়েছে। অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রম চলমান থাকায় আগামী মাসগুলোতে মজুদের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। চলতি বোরো সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।