দলের দুঃসময়ে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সচিবালয়ে কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
সাক্ষাতে জুলাই আন্দোলনে আহত হাবিবুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘দলের জন্য তোমার যে অবদান, তা দল কখনো ভুলবে না। তুমি যেভাবে সময়, শ্রম ও ত্যাগ স্বীকার করেছ, ইনশাআল্লাহ দল তার যথাযথ মূল্যায়ন করবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তুমি যে যন্ত্রণা নিয়ে আজও বেঁচে আছ, সেই যন্ত্রণা আমিও এখনো বহন করে চলেছি। আল্লাহ আমাদের সবার ত্যাগ কবুল করুন।’
হাবিবুর রহমান জানান, ২০২৪ সালের ২০ জুলাই শনির আখড়ায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। সময়মতো উন্নত চিকিৎসা না পাওয়ায় এখনো শারীরিক জটিলতায় ভুগছেন।
সাক্ষাৎ শেষে হাবিবুর রহমান বলেন, ‘দলের জন্য জীবন বাজি রেখে কাজ করেছি, রক্ত দিয়েছি। আমার বিশ্বাস, দল আমাদের সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন করবে।’
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে দোয়া, সাহস ও স্বীকৃতির আশ্বাস পেয়ে তিনি অনুপ্রাণিত হয়েছেন।