বাংলাদেশে নতুন রাজনীতির নামে এনসিপি ভণ্ডামির রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, এনসিপি জামায়াতে ইসলামীর রাজনৈতিক প্রভাবেই পরিচালিত হচ্ছে। তার দাবি, জামায়াত একদিকে বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে এনসিপির নেতাদের দিয়ে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে।
তিনি আরও বলেন, সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে ইতিবাচক বক্তব্য দেওয়া হলেও মাঠের রাজনীতিতে ভিন্ন অবস্থান নেওয়া হচ্ছে। গণ-অভ্যুত্থানের হুমকি এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে কটূক্তি করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
এনসিপির নেতাদের উদ্দেশে রাশেদ খান বলেন, রাজনৈতিক পরিবেশ নষ্টের চেষ্টা করা হলে বিএনপি তার রাজনৈতিক জবাব দিতে প্রস্তুত রয়েছে।
তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপির যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্রের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া হবে।
এর আগে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় জেলার উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে আলোচনা হয়। রাশেদ খান সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।