জামায়াতে ইসলামী পুলিশি নিরাপত্তায় সরকার পতনের ‘দিবাস্বপ্ন’ দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
রবিবার (৩০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াত সংসদ ভবনের আশপাশে বিক্ষোভ করার সুযোগ পায়নি। অথচ বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করছে দলটি।
তিনি দাবি করেন, জামায়াতের পক্ষ থেকে পরবর্তী সময়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে ২০২৪ সালের মতো পরিস্থিতি তৈরির হুমকিও দেওয়া হয়েছে।
রাশেদ খাঁন আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোনো নেতা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেননি। বর্তমানে পুলিশি নিরাপত্তার সুযোগ নিয়ে দলটি সরকার পতনের স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, পুলিশি নিরাপত্তা নিয়ে লংমার্চ কিংবা সচিবালয় ও জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। তার দাবি, যারা বিরোধী দলের দায়িত্বই ঠিকভাবে পালন করতে পারে না, তারা রাষ্ট্রকে অশান্ত করতে পারলেও ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করতে পারবে না।