‘গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে অন্যায়ভাবে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে আইন সবার জন্য সমান থাকবে এবং এ বিষয়ে বিএনপি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য ও দেশের কল্যাণে রাজনীতি করে। খাল খনন, নদী খনন ও কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন কর্মসূচির লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা।
মুহুরী-কহুয়া প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, খাল ও নদী খননের কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে এ এলাকার প্রায় সাড়ে চার লাখ মানুষ উপকৃত হবেন। এর ফলে প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হবে এবং কৃষি উৎপাদন বাড়বে বলেও জানান তিনি।