দেশে দীর্ঘদিনের অবহেলার কারণে নিবিড় পরিচর্যা (আইসিইউ) সেবার অবস্থা ভয়াবহ সংকটময় বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।
বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (বিএসসিসিএম) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বর্তমানে প্রতি এক লাখ মানুষের জন্য ক্রিটিক্যাল কেয়ার শয্যা রয়েছে মাত্র ১.৭টি এবং সাধারণ হাসপাতালের শয্যা রয়েছে মাত্র ৯টি। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলাতেই কোনো আইসিইউ নেই। এছাড়া দেশের মোট ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ৮০-৯০ শতাংশই রাজধানী ঢাকাকেন্দ্রিক।
জুবাইদা রহমান বলেন, গ্রামীণ অঞ্চলের রোগীরা সময়মতো আইসিইউ সুবিধা না পাওয়ায় অনেক ক্ষেত্রেই প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামেরও তীব্র সংকট রয়েছে।
তিনি প্রতিটি জেলা সদর হাসপাতালে পূর্ণাঙ্গ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট গড়ে তোলা এবং আধুনিক জীবনরক্ষাকারী অ্যাম্বুলেন্সের মাধ্যমে সংকটাপন্ন রোগীদের দ্রুত স্থানান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানান, ইতোমধ্যে ১০টি জেলায় নতুন আইসিইউ চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ইউনিট স্থাপন করা হবে।