বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থ পাচার ও অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে। তবে জনগণের শক্তি ও নতুন সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘Bangladesh and a Changing World: Uncharted Times, Emerging Orders, and the Politics of Care’।
মির্জা ফখরুল বলেন, অর্থনীতি পুনর্গঠন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতকে আরও কার্যকর করতে সরকার কাজ করছে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা, শিল্পায়ন, কৃষি খাতের উন্নয়ন এবং সৃজনশীল অর্থনীতির বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, সাম্প্রতিক বাজেটে বিনিয়োগ ও শিল্পায়ন উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
গণতান্ত্রিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সাংবিধানিক সংস্কারে ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আন্তর্জাতিক অংশীদারদের সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।