চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কোচিংয়ের ওপর নির্ভরতা কমাতে সিলেবাস ও কারিকুলাম ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সারা দেশে কারিগরি শিক্ষার প্রসারে নির্মাণাধীন ৩২৯টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ আগামী দুই বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে এবং জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। শিক্ষা খাতে বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এছাড়া তিনি জানান, আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে। ডিসেম্বরের মধ্যে সংশোধিত নতুন পাঠ্যবই সব স্কুলে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কমাতে এবং সেশনজট নিরসনে নতুন পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, ২০২৮ সালের মধ্যে এমন ব্যবস্থা করা হবে যাতে শিক্ষার্থীরা দ্রুত পরবর্তী ধাপে অগ্রসর হতে পারে।