দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জিয়াউর রহমান নারীদের নেতৃত্ব ও রাজনৈতিক অংশগ্রহণে বিশ্বাস করতেন। দেশের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়ন নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্পূর্ণ হতে পারে না।
নারীদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, নারীদের ওপর যারা হামলা চালায়, তারা কাপুরুষ।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এতে নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে এবং পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীদের হাতে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার সময়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমানে সরকার শিক্ষার সুযোগ স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের চিন্তা করছে বলেও জানান তিনি।
দেশের জ্বালানি সংকট নিয়ে রিজভী বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ না হলে গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান কঠিন হবে।
তিনি বলেন, নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে। পাশাপাশি সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যের কথা উল্লেখ করে জানান, এরই মধ্যে এক হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে।
রিজভী আরও বলেন, পুরো জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে তারেক রহমানের উদ্যোগকে তিনি যুগান্তকারী হিসেবে উল্লেখ করেন।