শেখ হাসিনাকে বিশ্বের সেরা অভিনেত্রী আখ্যা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে নাগরিক সমাজ আয়োজিত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে শেখ হাসিনা তাদের সান্ত্বনা দিতেন এবং স্বজনদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। কিন্তু তার দাবি, শেখ হাসিনা নিজেই গুম হওয়া ব্যক্তিদের অবস্থান সম্পর্কে জানতেন।
তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দেওয়া সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জনগণের কাছে স্পষ্ট হয়েছে। তার বক্তব্যে আয়নাঘরে আট বছর বন্দি থাকার অভিযোগে এক ব্যারিস্টারের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
বিগত সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মেজর হাফিজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ব্যয়ের উদাহরণ দেন। তিনি দাবি করেন, সরকারের বিভিন্ন প্রকল্পে কাজ না করেই অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।
লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বিগত সরকারের সময় তার নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ করেন। ২০১০ সালের উপনির্বাচনকে কেন্দ্র করে তার নেতাকর্মীদের ওপর হামলা এবং তৎকালীন নির্বাচনী প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন আলমের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন তিনি।
মতবিনিময় সভার শেষ পর্যায়ে নিজের নির্বাচনী এলাকার মানুষের কাছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে তার দায়িত্ব পালনে তারা সন্তুষ্ট কি না জানতে চান মেজর হাফিজ। এ সময় সংসদীয় পদ্ধতির আদলে উপস্থিত মানুষের মতামত জানতে ‘হ্যাঁ-না’ ভোট নেওয়া হয়। এতে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে করতালির মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।