সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের বর্তমান অবস্থাকে ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় আসিফ মাহমুদ আওয়ামী লীগের কয়েকজন ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্যকে ‘প্রটেকশন’ ও পুনর্বাসন দিয়েছেন। এ বিষয়ে তিনি ওই সময় আসিফ মাহমুদকে কয়েকবার সতর্ক করেছিলেন বলেও দাবি করেন।
তিনি আরও দাবি করেন, আসিফ মাহমুদ এক ব্যক্তিকে বড় অঙ্কের অর্থ দিয়েছেন এবং তার তৎকালীন এপিএস মোয়াজ্জেম হোসেনকে ঘিরেও বিভিন্ন তথ্য তার কাছে এসেছিল। এসব বিষয় তিনি সরকারের আরেক উপদেষ্টাকেও জানিয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করেন।
রাশেদ খান আরও প্রশ্ন তোলেন, এনসিপির সিনিয়র নেতারা কেন আসিফ মাহমুদের পাশে প্রকাশ্যে শক্ত অবস্থান নিচ্ছেন না। তার দাবি, সংশ্লিষ্ট নেতারা আসিফ মাহমুদকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগ সম্পর্কে অবগত।
পোস্টের শেষাংশে রাশেদ খান আসিফ মাহমুদকে ‘দুর্নীতির বরপুত্র’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন।
তবে রাশেদ খানের এসব বক্তব্য ও অভিযোগ তার নিজস্ব দাবি। অভিযোগগুলোর বিষয়ে আসিফ মাহমুদ বা সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।