প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কুমিল্লাসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপকভাবে শাকসবজি ও কৃষিপণ্য উৎপাদন হয়। তাই কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি যৌক্তিক। এ বিষয়ে দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর খেলার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “আপনাদের এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি রয়েছে। আমি আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। সবকিছু বিবেচনা করে যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়নের চেষ্টা করা হবে।”
এসময় কুমিল্লাকে বিভাগ করার দাবির প্রতিও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি। তিনি বলেন, “আসার সময় অনেকে স্লোগান দিয়েছেন— কুমিল্লা বিভাগ চাই। যদি এটি জনগণের প্রকৃত দাবি হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ সেটিরও বাস্তবায়ন হবে।”
দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬-১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ভোটের দাবি তুললেই মানুষকে গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই পরিস্থিতির অবসান ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “দেশ শুধু স্বাধীন করলেই হবে না, স্বৈরাচারমুক্ত করলেই হবে না। এখন সময় দেশ পুনর্গঠনের। জনগণের কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিক্ষা খাতে উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
তারেক রহমান আরও বলেন, নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি কৃষকদের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। বেকার সমস্যা সমাধান এবং মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার বলে জানান তিনি।
তিনি বলেন, “আল্লাহও বলেছেন, যে জাতি নিজে পরিশ্রম করে, আল্লাহ তাদের সাহায্য করেন। সে কারণেই বিএনপি সবসময় বলে— ‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।’”
দেশ পুনর্গঠনে জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের মালিক জনগণ। জনগণ দায়িত্ব নিয়ে দেশের দেখভাল করলে দেশ এগিয়ে যায়। বিএনপিকে দেশের মানুষ যে দায়িত্ব দিয়েছে, সেই আস্থার মর্যাদা আমরা রাখব।”
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সরকার গঠনের ১০ দিনের মধ্যেই তা বাস্তবায়ন করা হয়েছে। এতে সারা দেশের প্রায় সাড়ে ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন বলে জানান তিনি।
তবে দেশের বর্তমান অর্থনৈতিক চাপের কথা উল্লেখ করে ধৈর্য ধরার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, “গত ১৬ বছরের স্বৈরাচারী শাসনের কারণে দেশ অর্থনৈতিকভাবে চাপে রয়েছে। তাই জনগণের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবতুলবারী আবুসহ স্থানীয় নেতারা।