চলমান দুর্যোগ পরিস্থিতিতে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
শুক্রবার (১০ জুলাই) সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্যোগ পরিস্থিতিতে প্রশাসনকে সর্বস্তরের মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
এ সময় মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে নির্বাচিত সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।