দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অসুর ও কংসের মতো অপশক্তির বিরুদ্ধে শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে কাজ করার আহ্বান জানান তিনি।
যেকোনো অশুভ ও অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, এ ধরনের অপশক্তি প্রতিহত করতে সরকার ও জনগণের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা বিদুৎ কুমার সাহা, ডা. সুবাস কুমার সাহাসহ সনাতন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিতে আইনমন্ত্রীসহ অতিথিরা অংশ নেন।