সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। নবম পে-স্কেলের আওতায় সম্পূর্ণ মূল বেতন আগামী জুলাই থেকেই কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে জুলাইয়ের মাঝামাঝি গেজেট প্রকাশের পর নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হতে পারে।
সূত্র জানায়, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক পে কমিশনের সুপারিশ পর্যালোচনা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি চলতি সপ্তাহেই অর্থ মন্ত্রণালয়ে বাস্তবায়নের রোডম্যাপ জমা দেবে।
প্রাথমিকভাবে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও অর্থ বিভাগ জানিয়েছে, ধাপে ধাপে মূল বেতন কার্যকর করলে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবিএএস++)-এ কারিগরি জটিলতা তৈরি হতে পারে। তাই একবারেই সম্পূর্ণ মূল বেতন কার্যকর করার সুপারিশ করা হয়েছে।
তবে সামগ্রিকভাবে দুই ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের দিকেই এগোচ্ছে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই জানা যাবে।
এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে ১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি বলেন, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন, অথচ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।