কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুটি গুরুত্বপূর্ণ স্থানে ব্রহ্মপুত্র নদের ওপর ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আঞ্চলিক যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও বৈষম্য কমানোর পাশাপাশি পাকুন্দিয়া, গফরগাঁওসহ আশপাশের এলাকার মানুষের চলাচল সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ১৭ আগস্ট ২০২৬ তারিখের এক চিঠিতে স্থানীয় সরকার বিভাগের সচিবালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
প্রস্তাবিত দুটি ব্রিজ হলো—
🔹 মুনিয়ারীকান্দা–দত্তের বাজার ব্রিজ: পাকুন্দিয়ার মুনিয়ারীকান্দা থেকে গফরগাঁও উপজেলার দত্তের বাজার পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ওপর।
🔹 মির্জাপুর–টাংগাবর ব্রিজ: পাকুন্দিয়ার মির্জাপুর বাজার থেকে পাগলা থানার টাংগাবর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ওপর।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট সরকারি সফরে কিশোরগঞ্জ গেলে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এ দুটি ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় স্থানীয় সরকার বিভাগের সচিবালয়কে সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং অগ্রগতি প্রতিবেদন দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে।
প্রস্তাবিত ব্রিজ দুটি নির্মিত হলে পাকুন্দিয়া ও গফরগাঁওয়ের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিল্প ও পণ্য পরিবহনে গতি আসার পাশাপাশি পুরো অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।