মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি ব্যঙ্গাত্মক মন্তব্য করে বলেন, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে সাধারণ মানুষ টিকিট কেটে তাকে দেখতে পারে।
শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খাঁন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে! আজকে একজন বিএনপি নেতার সঙ্গে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে। এমন ম্যানারলেস লোকজন কীভাবে এমপি হলো?”
তিনি আরও বলেন, “এর আগেও বিএনপিকে নিয়ে মন্তব্য করে তিনি বলেছিলেন, ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এই দেশে থাকতে পারবে না।’ আওয়ামী লীগের আমলে এ ধরনের গর্জন তো দেখা যায়নি। তখন তারা কোথায় ছিল?”
রাশেদ খাঁনের অভিযোগ, বর্তমানে কিছু ব্যক্তি সরকারি দলের সদস্যদের বিরোধী দলের মতো আচরণ করছেন এবং তাদের মধ্যে অতিরিক্ত ঔদ্ধত্য দেখা যাচ্ছে।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “হানজালাদের আচরণ দেখে মনে হচ্ছে তারাই ক্ষমতায়, আর বিএনপি বিরোধীদলে। বিএনপির দুর্ভাগ্য যে, তাদের এসব সহ্য করতে হচ্ছে। রাজনৈতিক শূন্যতা ও সংকট না থাকলে আমি নিশ্চিত, ওই বিএনপি নেতা এমপি নামের এই অদ্ভুত প্রাণীটাকে কানের নিচে দুই-চারটা বসিয়ে দিতেন।”