নতুন রাষ্ট্রপতি পদে দলের সম্ভাব্য প্রার্থী মনোনয়ন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আজ শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
দলীয় সূত্রগুলোর দাবি, বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন এবং এ পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী নির্ধারণ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে বৈঠকের আলোচ্যসূচি প্রকাশ করেননি।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, চলতি আগস্ট মাসের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকায় বিএনপির পক্ষ থেকে কাকে প্রার্থী করা হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতামতের ভিত্তিতেই নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট নেতাদের ধারণা।
এর আগে ২৬ জুলাই বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কাউকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের জাতীয় স্থায়ী কমিটি। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
দলীয় অন্দরে সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দীর্ঘদিন দলের নেতৃত্ব দেওয়া, রাজনৈতিক সংকট মোকাবিলায় ভূমিকা এবং দলীয় গণ্ডির বাইরেও গ্রহণযোগ্যতার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়। এ লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ইতোমধ্যে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক করেছেন।