দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজের কার্যালয়ে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন তিনি। সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেয়।
রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, বঙ্গভবনে প্রবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হলো।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।
পরে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।