জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তিনি অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের সময় তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন।
মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের গণহত্যার বিচার ও জুলাইয়ের শহীদদের স্মরণে এনসিপি পদযাত্রার কর্মসূচি ঘোষণা করলেও দলটির নেতাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার নয়, বরং বিএনপির বিরুদ্ধে অবস্থানই বেশি গুরুত্ব পাচ্ছে।
তিনি আরও দাবি করেন, সম্প্রতি প্রকাশিত একটি অডিওতে এনসিপির নেতা হান্নান মাসউদের বক্তব্য থেকে এসব বিষয়ে নতুন তথ্য উঠে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন।
রাশেদ খান আরও বলেন, ওই সময় নাহিদ ইসলামকে গ্রেপ্তারের পেছনেও তাদের ভূমিকা ছিল এবং পরবর্তীতে অন্যদের বিরুদ্ধেও একই ধরনের পরিকল্পনা ছিল বলে অভিযোগ রয়েছে।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আন্দোলনের সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপদেষ্টা হলেও হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সেই সুযোগ পাননি। তার দাবি, আন্দোলনের সঙ্গে 'বিশ্বাসঘাতকতার' অভিযোগ থাকায় তারা উপদেষ্টা হননি।
তবে রাশেদ খানের এসব বক্তব্য ব্যক্তিগত দাবি। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।