হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এসএম রাগীব সামাদকে ‘ঘাড় ধরে বের করে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামানের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমানবন্দরে পরিচালককে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় তাকে। এ সময় তিনি পরিচালকের কাজের সমালোচনা করে বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আক্তারুজ্জামানকে বলতে শোনা যায়, ‘কাজ করেন না, কিছু করেন না। ঘাড় ধরে বের করে দেব। তদবির করে পোস্ট নিয়েছেন। আই অ্যাম চ্যালেঞ্জ ইউ।’
একপর্যায়ে তিনি পরিচালককে উদ্দেশ করে ‘মার খেতে চান’ বলেও হুমকি দেন।
ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, বিমানবন্দরের কর্মকর্তারা দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না এবং বিভিন্ন বিষয়ে ‘প্লিজ প্লিজ’ করার প্রয়োজন নেই। এ সময় তিনি পরিচালকের কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার সময় আক্তারুজ্জামানের সঙ্গে থাকা জামায়াতের কয়েকজন নেতা তাকে শান্ত করার চেষ্টা করেন।
তবে বিমানবন্দর পরিচালকের সঙ্গে এ ঘটনার বিষয়ে তার বক্তব্য বা বিমানবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।