ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে বাংলাদেশ সরকার তা সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে কোনো আমন্ত্রণের পেছনে স্বার্থ জড়িত থাকলে বাংলাদেশ সে পথে এগোবে না বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী।
তিনি বলেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে। তাই দেশের স্বার্থ ও মর্যাদাকে অগ্রাধিকার দিয়েই অন্য দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।
রিজভী আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে থাকবে।
যেকোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবিলা করবে বলেও মন্তব্য করেন তিনি।