ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) বিকেলে দেওড়ানয়াকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওড়া গ্রামের লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশীদের জন্য খাবারের আয়োজন করা হয়। খাওয়ার সময় এক নারীকে টেবিলের নিচে মাংস জমা করার অভিযোগ ওঠে। এ নিয়ে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মধ্যে শহিদ মাতুব্বর (৫০), মমতাজ বেগম (৫৫) ও সোহরাব শেখ (৬৫) গুরুতর আহত হয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিব বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।