পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের আগে আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে নির্দিষ্ট কয়েকদিন ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নিশ্চিত করতে আগামী ২৩ ও ২৪ মে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা নিয়মিত সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো ঈদের ছুটিতে বন্ধ থাকবে। তবে শিল্পাঞ্চলভিত্তিক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন শিল্প এলাকায় অবস্থিত ব্যাংক শাখা ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম চালাবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসব শাখা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহকরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করতে পারবেন।
এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোও ঈদের ছুটির মধ্যেও সীমিত আকারে চালু থাকবে। তবে ঈদের দিন সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ছুটিকালীন সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।