তরুণ সমাজ চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী পরিবর্তনের জন্য এগিয়ে এলে দেশ বদলে দেওয়া সম্ভব।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তরুণদের শক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল। একইভাবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত প্রতিরোধ করা সম্ভব।
তিনি দেশবাসীকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে রাস্তাঘাটে যত্রতত্র ময়লা না ফেলার অনুরোধ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে সুন্দর ও সুস্থ রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজের সুস্থতার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের সুস্থতা নিশ্চিত করার দায়িত্বও প্রত্যেক নাগরিককে নিতে হবে।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ চলবে।