বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং জনগণের যোগাযোগ আরও জোরদার করতে ঢাকা-তেহরান সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে ইরান।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী এ প্রস্তাব উত্থাপন করেন।
সংশ্লিষ্টদের মতে, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পাবে।
রাষ্ট্রদূত বলেন, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ভবিষ্যতে ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ার আশাবাদও ব্যক্ত করেন।
বৈঠকে ইরান থেকে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার ও বিভিন্ন খাদ্যসামগ্রী আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক ইরানের বাজারে রপ্তানি বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
উভয় পক্ষ মনে করে, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ব্যবসায়ী, পর্যটক ও বিনিয়োগকারীদের যাতায়াত সহজ হবে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।