আগামী এক বছরের মধ্যে দেশের সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ের মধ্যে ৪০ লাখ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ড বিতরণের পরিকল্পনার কথাও তিনি জানান।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের অর্থনীতিকে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, চা বাগানের নারী শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরের মধ্যে তাদের সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রী বলেন, “দেশকে সামনে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। ৪০ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে।”
তিনি বলেন, বাজেট নিয়ে সমালোচনার জবাবে সরকার স্পষ্ট অবস্থানে আছে। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে এবং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা এই বাজেটকে ‘চানাচুরের মতো’ বা ‘জনবিরোধী’ বলছেন, তারা জনগণের স্বার্থ বোঝেন না।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, চা শ্রমিক নেতা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।