আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা এলাকায় দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন–এর মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে (৩৫) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা এর আগে তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, মামলার ঘটনার সঙ্গে বিথির সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে এবং জামিনে মুক্তি পেলে তদন্তে প্রভাব পড়তে পারে।
শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে বিথি বিচারকের উদ্দেশে বলেন, “এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন। আমার বাচ্চা আছে। বারবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি চাকরি করে চলি, এত টাকা কোথায় পাব?”
তিনি আরও দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন এবং শুধুমাত্র বাবার কারণে তাকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, বাবাকে দেখতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এছাড়া আন্দোলনের সময় তিনি ঢাকার বাইরে ছিলেন বলেও দাবি করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ভাটারা থানাধীন প্রগতি সরণি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে বের হওয়া মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে সোহেলী তামান্না গুরুতর আহত হন এবং পরে তিনি নিজেই বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
তদন্ত সংস্থা আদালতে উল্লেখ করে, মামলায় খাদিজা ইয়াসমিন বিথির প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে এবং তদন্তের স্বার্থে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।