রাঙামাটির বন্যাকবলিত এলাকার অতিদরিদ্র ঋণগ্রহীতাদের কাছ থেকে চলতি মাসের ঋণের কিস্তি আদায় না করার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (১৩ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলার দপ্তর প্রধানদের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বন্যায় এ অঞ্চলের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকে বিভিন্ন প্রয়োজনে এনজিও থেকে ঋণ নিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে চলতি মাসের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কাছ থেকে এ মাসের কিস্তি পরবর্তী সময়ে গ্রহণ করা এবং বিলম্বের কারণে কোনো ধরনের অতিরিক্ত সুদ বা জরিমানা না নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট এনজিওগুলোর কাছে অনুরোধ পৌঁছে দিতে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
বৈঠকে সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য সুমন বড়ুয়া, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সিভিল সার্জন ডা. নূয়েন খীসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।