বাংলাদেশ জামায়াতে ইসলামী শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা বলে জনগণের সঙ্গে মুনাফেকি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (২৩ আগস্ট) ঝিনাইদহ শহরের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, কল্যাণরাষ্ট্র ব্যবস্থার মধ্যেই শরিয়াহ আইনের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তাই শরিয়াহ আইন প্রতিষ্ঠার নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতে ইসলামীর উচিত সরকারকে সহযোগিতা করা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রাশেদ খান বলেন, তার দেশে ফেরার কোনো সুযোগ নেই। তিনি দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।