আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াতে ইসলামী দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রের অংশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান দাবি করেন, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তার অভিযোগ, আওয়ামী লীগ ও জামায়াতের বক্তব্যের মধ্যে সামঞ্জস্য দেখা যাচ্ছে এবং ভারতের সঙ্গে আঁতাত করে এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে একাধিক অনুরোধের পরও প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাননি। পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না বলেও জানান তিনি।
দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটকে জাতীয় সমস্যা উল্লেখ করে রাশেদ খান বলেন, এসব সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা প্রয়োজন। তবে গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে লংমার্চ করলে সমস্যার সমাধান হবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি জানান, জ্বালানি সংকট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। পাশাপাশি ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনা রয়েছে।
পরে স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন রাশেদ খান।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।