রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘এসবি সুপার ডিলাক্স’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে বাসটি উদ্ধার করা হয়েছে এবং চালক ও সহকারীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে। ফেরিতে ওঠার আগেই যাত্রীরা নেমে যান।
এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, বাসটিতে প্রায় ৩৭ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য অবস্থান নেয়। এ সময় পাশের আরেকটি ফেরির সঙ্গে র্যাম্পে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে র্যাম্প ভেঙে বাসটি নদীতে পড়ে যায়।
এক যাত্রী আল জুবায়ের বলেন, যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয়। পরে চালক ও সহকারী বাসটি ফেরিতে তুলতে গেলে সেটি হঠাৎ ডান দিকে বেঁকে নদীতে পড়ে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ ও ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, উদ্ধার কার্যক্রম শেষে বাসটি নদী থেকে তোলা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো যাত্রীর নিখোঁজের তথ্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ একই ঘাটে আরেকটি বাস পদ্মা নদীতে পড়ে ২৬ জনের মৃত্যু হয়েছিল।