বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও উন্নয়নমুখী পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের সিরাজনগর এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগের মাধ্যমে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে মানুষের জীবন, সম্পদ ও বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিন ধরে নদীভাঙন নদীতীরবর্তী মানুষের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। জিও ব্যাগের মাধ্যমে নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়িত হলে ভাঙনের ঝুঁকি কমবে এবং হাজারো পরিবার উপকৃত হবে।
তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সংসদ সদস্য বলেন, উন্নয়নের সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করে প্রতিটি উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা নদীতীর সংরক্ষণ প্রকল্পকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার আহ্বান জানান।
এ সময় বিশিষ্ট সমাজসেবক আশরাফ বাবু, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল মিয়া, তারানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুনুর রশীদসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।