নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার মসজিদ, মাদরাসা, এতিমখানা, পূজা মণ্ডপ ও বিভিন্ন সামাজিক সংগঠনের উন্নয়নকাজে ১ কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গোলাকান্দাইল এলাকায় নিজ বাসভবনে তারাবো পৌরবাসীর মাঝে এসব অনুদানের চেক হস্তান্তর করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জবাসীর জন্য কাজ করার লক্ষ্যেই তিনি দীর্ঘ ১৭ বছর নানা অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং রূপগঞ্জকে একটি উন্নত ও স্বপ্নের এলাকা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছেন এবং রূপগঞ্জের মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। তারেক রহমানের নির্দেশনায় রূপগঞ্জকে দেশের অন্যতম উন্নত এলাকায় পরিণত করতে কাজ করে যাবেন তিনি।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও জানান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদের তত্ত্বাবধানে জেলা পরিষদ থেকে তারাবো পৌরবাসীর জন্য ১ কোটি টাকা অনুদান আনা হয়েছে।
এই অনুদান স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উন্নয়নকাজে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।