‘সরকার অপরাধীদের শাস্তি দেয়, আর জামায়াতে ইসলামী অপরাধীদের আশকারা দিচ্ছে’—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
শনিবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। বিমানবন্দরের দুই কর্মকর্তার সঙ্গে মেজর (অব.) আখতারের কথিত অসদাচরণ, মারধর ও তাকে আটকের প্রসঙ্গ তুলে ধরে জামায়াতে ইসলামীর সমালোচনা করেন তিনি।
সুজাউদ্দৌলার দাবি, মেজর আখতার বিমানবন্দরের দুই কর্মকর্তার গায়ে হাত তুলেছেন এবং নির্বাহী পরিচালককে আপত্তিকর ভাষায় কথা বলে মারতে উদ্যত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ডিউটিরত কর্মকর্তার গায়ে হাত তোলা ফৌজদারি অপরাধ এবং এ ঘটনায় মামলা হয়েছে ও তাকে আটক করা হয়েছে।
ফেসবুক পোস্টে সুজাউদ্দৌলা আরও দাবি করেন, মেজর আখতার অতীতে শেখ হাসিনার সঙ্গে থেকে জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলেছিলেন এবং পরে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর তিনি জামায়াতে যোগ দেন।
তিনি অভিযোগ করেন, মেজর আখতার আটকের পর জামায়াতের নেতারা তার পক্ষে অবস্থান নিয়েছেন। তার দাবি, জামায়াতের আমিরের একটি বিবৃতিতে বলা হয়েছে, মেজর আখতার কোনো অপরাধ করেননি।
জামায়াতের সমালোচনা করে সুজাউদ্দৌলা বলেন, দলটির সঙ্গে যুক্ত হলে অপরাধ ও দুর্নীতির ক্ষেত্রেও ছাড় পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। অতীতের রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি এ বিষয়ে আওয়ামী লীগ ও জামায়াতের ভূমিকা নিয়েও মন্তব্য করেন।
পোস্টের শেষাংশে সুজাউদ্দৌলা বলেন, সরকার অপরাধীদের শাস্তি দেয়, আর জামায়াতে ইসলামী তাদের ‘আশকারা’ দিচ্ছে।
তবে মেজর (অব.) আখতার ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব অভিযোগ ও বক্তব্যের বিষয়ে তাদের প্রতিক্রিয়া এই প্রতিবেদনে পাওয়া যায়নি।