ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত নেতা ইনামুল মোল্লাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে স্থানীয় জামায়াত।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ইনামুল মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বোয়ালমারী বাজারের একটি বেসরকারি হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত রয়েছেন।
দলীয় ও স্থানীয় সূত্রের দাবি, কুশডাঙ্গা গ্রামের এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল। ওই নারীর স্বামী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযোগের বিষয়ে ইনামুল মোল্লার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়।
ইনামুলের কর্মস্থলের ম্যানেজার রেজাউল করিম জানান, ওই নারীর স্বামী বিদেশ থেকে ফোন করে ইনামুল মোল্লার সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অভিযোগ করেছিলেন। তবে তিনি নিজে এ বিষয়ে সরাসরি অবগত নন বলে জানান।
বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, অভিযোগের বিষয়টি তদন্তাধীন থাকায় ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দল ও সব পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।