দেশে বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গুবিরোধী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা পর্যায়ের প্রতিটি হাসপাতালে অন্তত পাঁচটি করে পৃথক শয্যা প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া এডিস মশার লার্ভা ধ্বংসে আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রতি শনিবার ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে সমন্বিত ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হবে। কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা প্রতি শনিবার লার্ভা ধ্বংসে কাজ করবেন। পাশাপাশি সরকারি কর্মীরা প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন।
প্রতিমন্ত্রী জানান, বিশেষ অভিযান কার্যকরভাবে পরিচালনার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে প্রধান করে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
সারাদেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলার দায়িত্বশীল কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছ থেকে মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনীয় দিকনির্দেশনা নেবেন।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।