দেশের শিল্পখাতে চলমান গ্যাস সংকট দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
তিনি বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ না হওয়ায় শিল্পখাতে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বিটিএমএ সভাপতি আরও জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল শিল্পের সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছেন এবং খাতটির সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা উদ্যোক্তাদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।
তিনি বলেন, যেসব শিল্পকারখানা সম্পূর্ণ বা আংশিকভাবে উৎপাদন ব্যাহত হওয়ার মুখে রয়েছে, সেগুলোর প্রকৃত অবস্থা এবং কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নির্ধারণে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।
বৈঠকে শিল্প উৎপাদন সচল রাখা, গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং টেক্সটাইল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে করণীয় নিয়েও আলোচনা হয় বলে জানান শওকত আজিজ রাসেল।