ইতিহাসে এই প্রথম বাজেট ঘোষণার পর বাজারে পণ্যের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল এবারের বাজেটকে ‘কল্পনার বাজেট’ বলে সমালোচনা করছে। তবে পরিকল্পনা ও লক্ষ্য ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন বাস্তবায়নের জন্য বড় স্বপ্ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা জরুরি।
এর আগে বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, চাল ও ছাগল বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আঞ্চলিক সমতা ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড় জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে তাঁর নির্বাচনী ইশতেহার অনুযায়ী বোদা ও দেবীগঞ্জ উপজেলাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি বোদা উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ, শহরের সৌন্দর্যবর্ধন এবং সড়ক অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্প-কারখানাগুলো পুনরায় চালুর জন্যও সরকার বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় নেতৃবৃন্দ।