তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে সকালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। গত ২১ মে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।
গত ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দেন।
হাইকোর্টের রায়ে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরসহ) রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকার বিধান বাতিল করা হয় এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়।
রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে বিষয়টি আপিল বিভাগে ওঠে এবং আপাতত হাইকোর্টের নির্দেশ স্থগিত করা হয়।
আদালতে রিটকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির, অ্যামিকাস কিউরি হিসেবে সিনিয়র অ্যাডভোকেট শরীফ ভূইয়া এবং রাষ্ট্রপক্ষে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।