রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক ডা. মামুনুর রশীদকে বিক্ষোভের মুখে কার্যালয় ত্যাগ করতে হয়েছে। বিএনপি সমর্থক চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স এবং ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ‘পতিত ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তার নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
বুধবার (৩ জুন) সকালে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মেডিকেল টেকনোলজিস্ট, নার্স এবং ছাত্রদলের নেতাকর্মীরা তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা অভিযোগ করেন, আওয়ামী লীগপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাচিপের সঙ্গে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তিনি কীভাবে হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন, সে বিষয়ে জবাবদিহি করতে হবে।
বিক্ষোভকারীরা আরও জানান, ডা. মামুনুর রশীদের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টরা কাজ করবেন না। পাশাপাশি তার নিয়োগ বাতিল করে যোগ্য ও বঞ্চিত চিকিৎসকদের মধ্য থেকে নতুন পরিচালক নিয়োগের দাবি জানান তারা।
এ সময় ডা. মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে আনা কিছু অভিযোগ ‘আংশিক সত্য’। তিনি দাবি করেন, অতীতে বিভিন্ন পরিস্থিতির কারণে স্বাচিপের সঙ্গে যুক্ত থাকতে হয়েছিল, তবে ব্যক্তিগতভাবে তিনি বিএনপিপন্থি ছিলেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও জানান।
একপর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে তিনি পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় কার্যালয় ত্যাগ করেন। পরে আন্দোলনকারীরা পরিচালকের কার্যালয়ের নামফলক খুলে ফেলেন এবং স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কার্যালয় বন্ধ রাখার ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ২০ মে পরিচালক হিসেবে যোগদান করতে এসে ছাত্রদলের বাধার মুখে ফিরে যেতে হয়েছিল ডা. মামুনুর রশীদকে। পরদিন তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।