সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ার ধুনট উপজেলার এক জামায়াত নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কৃত নেতার নাম মোশাররফ হোসেন। তিনি নিমগাছি ইউনিয়ন জামায়াতের রুকন সদস্য ছিলেন।
শনিবার (১ আগস্ট) রাতে বগুড়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৩০ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির তার রুকনিয়াত (সদস্যপদ) বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মোশাররফ হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তার ব্যক্তিগত বক্তব্য, কর্মকাণ্ড বা কার্যকলাপের দায় সংগঠন বহন করবে না।
জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, সংগঠন তার আদর্শ, গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও সংগঠনের নীতি ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।