সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ। পঞ্চম দিন লাঞ্চের আগেই পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এক সময় যে পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ই ছিল স্বপ্ন, সেই দলকেই টানা চার টেস্টে হারিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে শুধু সিরিজ জয় নয়, ঘরের মাঠে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ২০২৫–২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) পয়েন্ট তালিকায় ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। সিলেট টেস্ট শুরুর আগে শ্রীলঙ্কার নিচে পঞ্চম স্থানে ছিল ভারত এবং ষষ্ঠ স্থানে ছিল বাংলাদেশ। তবে সিরিজ জয়ের পর বাংলাদেশের সফলতার হার বেড়ে দাঁড়িয়েছে ৫৮.৩৩ শতাংশে। ফলে বাংলাদেশ উঠে এসেছে পাঁচ নম্বরে, আর ৪৮.১৫ শতাংশ সফলতার হার নিয়ে ভারত নেমে গেছে ছয়ে।
বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে। এর মধ্যে দুইটিতে জয়, একটিতে হার এবং একটি ড্র করেছে। অন্যদিকে পাকিস্তানের অবস্থা আরও নাজুক হয়েছে। চার ম্যাচে মাত্র এক জয় নিয়ে তাদের সফলতার হার নেমে এসেছে ৩৩.৩৩ শতাংশে এবং দলটি অবস্থান করছে সাত নম্বরে।
এদিকে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, যাদের সফলতার হার ৮৭.৫০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড (৭৭.৭৮ শতাংশ) এবং তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (৭৫ শতাংশ)। চতুর্থ অবস্থানে আছে শ্রীলঙ্কা (৬৬.৬৭ শতাংশ)।
পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটা যাওয়ায়। প্রথম টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার কম করায় তাদের ৮ পয়েন্ট কাটা হয়, যা পয়েন্ট টেবিলে বড় প্রভাব ফেলে।
সবশেষ ২০২৩–২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৯ দলের মধ্যে পাকিস্তান শেষ করেছিল নবম স্থানে, আর বাংলাদেশ ছিল সপ্তম। তবে এবার শান্তর নেতৃত্বে বাংলাদেশের পারফরম্যান্স নতুন আশার জন্ম দিয়েছে।
ঈদুল আজহার আগেই সিলেটে পাকিস্তানকে হারিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় উপহার এনে দিলেন শান্ত, মুশফিক ও লিটনরা।