রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দুই শতাধিক মোটরসাইকেল আরোহী।
রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে বাইকাররা এনবিআর ভবনের সামনের সড়কে মোটরসাইকেল সারিবদ্ধভাবে রেখে কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে অংশ নেওয়া আরোহীরা জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে অগ্রিম কর (AIT) বা বাড়তি শুল্ক আরোপের গুঞ্জন রয়েছে। এর প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন।
তাদের দাবি, মোটরসাইকেল এখন আর বিলাসবহুল পণ্য নয়; বরং মধ্যবিত্ত ও সাধারণ মানুষের যাতায়াত ও জীবিকার গুরুত্বপূর্ণ মাধ্যম।
বিক্ষুব্ধ বাইকারদের পক্ষে এ কে এম ইমন বলেন, একটি মোটরসাইকেল কেনার সময়ই উচ্চ হারে শুল্ক ও ভ্যাট দিতে হয়। এরপর আবার নতুন কর আরোপ করা হলে তা সাধারণ মানুষের জন্য বড় চাপ হয়ে দাঁড়াবে।
কর্মসূচিতে অংশ নেওয়া বাইকাররা হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানানো হয়।
তাদের দাবি, নতুন কর আরোপের পরিবর্তে মোটরসাইকেল খাতের বিদ্যমান কর কাঠামো আরও সহজ ও সহনীয় করা উচিত।