সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।
তিনি বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য শপথ নেওয়া ছিল। সেই শপথ অনুযায়ী এখন দায়িত্ব পালন করবেন তিনি।
হাফিজ উদ্দিন আরও জানান, একইভাবে ডেপুটি স্পিকারও প্রয়োজনীয় দায়িত্ব পালনের জন্য শপথ গ্রহণ করেছেন।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।