দেশবিরোধী যেকোনো চক্রান্ত ও আগ্রাসী শক্তির কাছে জাতীয়তাবাদী শক্তি কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় জাতীয়তাবাদী শক্তি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবে।
অনুষ্ঠানে আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহর সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিচারণ করেন তিনি। রিজভী জানান, বরকত উল্লাহ তাকে বলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ১৯৯০ সালের রাকসু নির্বাচনে রিজভীকে ভোট দিয়েছিলেন। বিষয়টি তাকে আবেগাপ্লুত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, তৎকালীন সরকারের সময়ে দেশের সার্বভৌমত্ব দুর্বল করে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, এর বিরুদ্ধে আবরার ফাহাদ সাহসী প্রতিবাদ করেছিলেন।
রিজভী বলেন, আবরার ফাহাদকে হত্যার মাধ্যমে পুরো জাতিকে ভয় দেখানোর চেষ্টা করা হলেও ওই ঘটনা মানুষের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ আরও বাড়িয়ে দেয়। তার মতে, পরবর্তী সময়ে এই জাগরণ ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়।
জাতীয়তাবাদী ছাত্রদলের আন্দোলন ও ত্যাগের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, সংগঠনটি রাজপথে নানা প্রতিকূলতার মুখেও নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রেখেছে এবং কোনো গোপন রাজনীতির আশ্রয় নেয়নি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এবং শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ বক্তব্য দেন।