রাজধানীর ইসিবি চত্বরের কাছে নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় আরও তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
কারাগারে পাঠানো অপর দুই আসামি হলেন আসলাম ও শাহ আলম অনিক। তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মামুন, মুন্না ও শাহরিয়ার মাহমুদকে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক জেহাদ হোসেন ছয় আসামিকে আদালতে হাজির করেন। মিজানুর রহমান, আসলাম ও শাহ আলম অনিককে কারাগারে আটক রাখার আবেদন এবং মামুন, মুন্না ও শাহরিয়ার মাহমুদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়।
আসামিদের পক্ষে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ এসব আবেদনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর এবং অপর তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মিজানুর রহমান, আসলাম ও শাহ আলমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। মামলার আরেক আসামি গোলাম মহিউদ্দিন চৌধুরীকেও ডিবি গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেয়। পরে তিনি জামিন পান।
গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।